সরে দাঁড়ালেন আর্জেন্টাইন ফুটবল কোচ বাতিস্তা
কোপা আমেরিকা মিশনটা অন্যতম প্রধান ফেবারিট হিসেবেই শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু ১৮ বছর পর কোপা আমেরিকা শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই থেকে গেছে ১৪ বারের শিরোপাজয়ীদের। গ্রুপ পর্বের বাধাটা কোনোমতে পেরোতে পারলেও বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। কোস্টারিকার বিপক্ষে ৩-০ গোলের জয়টাই তাদের একমাত্র সাফল্য। হতাশাজনক এই পারফরম্যান্সের পর ব্যাপক সমালোচনার মুখে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সার্জিও বাতিস্তা। গতকাল সোমবার এ কথা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
ফুটবল ফেডারেশনের মুখপাত্র আর্নেস্তো চেরকুইস বিয়ালো গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাতিস্তাকে বরখাস্ত করা হয়নি। তিনি নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। তবে আর্জেন্টিনার সব কোচিং স্টাফদের একটা মূল্যায়ন খুব দ্রুতই হাজির করবে ন্যাশনাল টিম কমিশন।’ হঠাত্ করে বাতিস্তা এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার ফলে পরবর্তী মাসে রোমানিয়ার বিপক্ষে একটা প্রীতি ম্যাচ বাতিল করেছে আর্জেন্টিনা। তবে খুব দ্রুত নতুন কোচ নিয়োগ দেওয়ার কাজ শুরু করবে বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।




0 comments:
Thanks for Comment