দক্ষিণ আফ্রিকার ভিভব সিং নতুন ফিজিও!
ঢাকা: জিম্বাবুয়ে সফরের আগে জাতীয় দলের ফিজি নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক ভিভব সিংয়ের সঙ্গে কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি।
জাতীয় দলের সাবেক ফিজিও দক্ষিণ আফ্রিকান ড্যারেন লিভসনকে বিসিবির প্রথম পছন্দ হলেও পারিশ্রমিক বেশি চাওয়ায় শেষপর্যন্ত বিকল্প খুঁজতে হয়। লিভসনকে নিয়োগ দিতে হলে জাতীয় দলের সাবেক কোজ জেমি সিডন্সের বেতনের কাছাকাছি দিতে হতো। সেজন্যই বিকল্প হিসেবে ভিভব সিংকে বেছে নেয় বিসিবি।
জিম্বাবুয়ে সফরের আগেই নতুন ফিজিও ঢাকায় এসে পৌঁছাবেন বলে জানান বিসিবি সিইও মঞ্জুর আহমেদ। তবে তিনি ফিজিওর নাম প্রকাশ করেননি। দুই একদিনের মধ্যে ফিজিও’র নাম প্রকাশ করে চমকে দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে বিসিবির নির্ভরযোগ্য একজন পরিচালকের কাছ থেকে জানা গেছে ফিজিও ভিভব সিংয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।
ভিভব বর্তমানে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ফিজিও হিসেবে কাজ করছেন। দেশের নাশুয়া ডলফিন এবং গোল্ডেন অ্যারো ফুটবল ক্লাবেরও ফিজিও তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ‘আইপিএল’ এ সাকিব আল হাসানের দল কলকাতা নাইটরাইডার্স এবং চ্যাম্পিয়ন্স লিগ টিম এসএ রেডব্যাকস এর সহকারি ফিজিও তিনি। ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান খেলা রাগবির বিভিন্ন পর্যায়ের ১৪টি ক্লাবের সঙ্গে কাজ করেছেন।
ভিভব সিং দক্ষিণ আফ্রিকার ইকেজেন ইউনিভার্সিটি থেকে ২০০৪ সালে ফিজিও থেরাপিস্ট হিসেবে ডিগ্রি পান। অর্থপেডিক ম্যানিপুলেটিভ থেরাপিস্ট ডিপ্লোমা অর্জন করেন ২০০৭ সালে। কেপ টাউনের ইনস্টিটিউট অব সাউথ আফ্রিকা থেকে স্পোর্টস ফিজিওথেরাপির ওপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন অধ্যাপক টিম নোকসের কাছ থেকে।




0 comments:
Thanks for Comment